সাময়িক প্রসঙ্গ
কেন্দ্রীয় মহাসম্মেলন-২০২৫ সফল হউক!
শাইখ মুহাম্মাদ হারুন হুসাইন

আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি-২০২৫ জুমু’আবার ও শনিবার বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের মহাসম্মেলন-২০২৫ ঢাকার অদূরে আশুলিয়া থানাধীন বাইপাইলের সুবিশাল জমঈয়ত ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ইন্শা-আল্লাহ। মাননীয় জমঈয়ত সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক-এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ মহাসম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথির আসন অলংকৃত করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন সৌদী আরব সরকারের মাননীয় ধর্মমন্ত্রীর উপদেষ্টা শাইখ আব্দুল ওহীদ আল আরিফী এবং দ্বিতীয় দিনের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের অন্তরবর্তী সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন উপস্থিত থাকবেন।

স্মর্তব্য যে, জমঈয়ত লব্ধপ্রতিষ্ঠিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংগঠন হওয়ায় আমরা বিদেশী অনেক জ্ঞানী-গুণী, প্রখ্যাত আলেম ও দাঈ‘গণকে এ সম্মেলনে অতিথি হিসেবে পাচ্ছি আল-হামদুলিল্লাহ। সউদী আরব, কুয়েত, আরব আমিরাত ও পাকিস্তান হতে সালাফী আলেম এবং জমঈয়ত নেতৃবৃন্দ অংশ নিচ্ছেন। তাঁদের আগমন আমাদের মহাসম্মেলনকে আরো সমৃদ্ধ করবে বলে আমরা একান্ত আশাবাদি। উল্লেখ্য যে, এবারের মহাসম্মেলনের বিশেষ আকর্ষণ থাকবে কুয়েতের বিখ্যাত বিশ্ববরেণ্য আলেম শাইখ ড. সালেম বিন সা’আদ আত—তাভীদ (হাফিযাহুল্লা-হ)। এছাড়া পাকিস্তান জমঈয়তে আহলে হাদীসের প্রেসিডেন্ট বর্ষীয়ান পার্লামেন্টেরিয়ান ও শিক্ষাবিদ প্রফেসর সাজেদ মীর ও তার সফর সঙ্গী জমঈয়ত হিতৈষী ব্যক্তিবর্গের সদয় উপস্থিতি আমাদের অনুপ্রেরণাকে বহুলাংশে বাড়িয়ে তুলবে।

এবারের সম্মেলনে হাজার হাজার জ্ঞান পিপাসু মুসলিমগণের বড়ো জমায়েত অনুষ্ঠিত হবে ইন্শা-আল্লাহ। প্রায় ৫০টি সাংগঠনিক জেলা হতে জমঈয়তের নেতৃবৃন্দ, আলেম-উলামা ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন ইন্শা-আল্লাহ। আমন্ত্রিত অতিথিবৃন্দ ও ওলামায়ে কিরাম বিষয়ভিত্তিক সারগর্ভ মূল্যবান বক্তব্য পেশ করবেন; যাতে থাকবে জ্ঞান পিপাসু ও সত্যান্বেষী মানুষের জন্য প্রয়োজনীয় ‘ইল্মী খোরাক। তাঁরা এ সম্মেলন থেকে অবিমিশ্র ও খাঁটি ইসলামের সঠিক দিক নির্দেশনা নিয়ে নিজ নিজ জেলা ও এলাকায় ফিরে যাবেন। সেখানে গিয়ে তাঁরা দা‘ওয়াহ ও তাবলীগের কাজে মনোনিবেশ করবেন। ফলে জমঈয়তের দা‘ওয়াতী কার্যক্রম দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে এবং বিগত সময়ের চেয়ে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল ও সমৃদ্ধ হবে। আর এটাই হচ্ছে মহাসম্মেলন আঞ্জাম দেওয়ার বড়ো উদ্দেশ্য।

“বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস” নিজ লক্ষ্য ও উদ্দেশ্যে অবিচল। প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংগঠন ধীর-স্থিরভাবে সাংগঠনিক কাজ চালিয়ে আসছে। প্রাচীন ও সর্ববৃহৎ সংগঠন হওয়ায় এটির গণভিত্তি সু-গভীরে প্রোথিত। তাই এ সংগঠনই নৈতিক অধিকার রাখে এ দেশের জনগণকে বৃহত্তর ঐক্যের স্বার্থে কেবলমাত্র জমঈয়তের পতাকা তলে সকলকে সম্মিলিত হওয়ার উদাত্ত আহ্বান জানাতে। আহলে হাদীসগণের স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যের কথা যে যত সুন্দর করে বলুক না কেন, তাতে তেমন কোনো ফল হবে না। কেননা, ঐক্য মূলের দিকে হয়; শাখা বা বিচ্ছিন্ন পথে নয়। সে জন্যে আমরা বলি- কারো মুখরোচক কথায় বিভ্রান্ত হওয়ার কিছু নেই। জমঈয়ত আছে এবং থাকবে ইন্শা-আল্লাহ এবং এ জমঈয়তই গোটা আহলে হাদীস সমাজের নেতৃত্ব দেবে। আর সদাসর্বদা জমঈয়তই সকলকে ঐক্যের প্লাটফর্মে সমবেত হওয়ার আহ্বান জানাবে।

এবারের মহাসম্মেলনে থাকবে অনেকগুলো বুকস্টল, ফ্রি চিকিৎসা কেন্দ্র, সুপেয় পানী ও পর্যাপ্ত সেনিটেশন ব্যবস্থা। থাকবে এক ঝাঁক নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবক। খাওয়ার জন্য থাকবে হোটেল এবং জমঈয়তের নিজস্ব ব্যবস্থাপনায় স্বল্প মূল্যের খাবারের সু-ব্যবস্থা। আটচল্লিশ বিঘার নিজস্ব ক্যাম্পসে শোভা পাবে ইসলামিক ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি ভবন, ইয়াতিমখানা ভবন, মডেল মাদ্রাসা ভবন ও মসজিদ। গাছগাছালি ও পত্রপল্লবে ঘেরা এ বিশাল ক্যাম্পাসে আসলে মন জুড়াবে সকলের। অতএব আসুন! আমরা সবাই মিলে এ সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে তুলি। চতুর্দিকে ছড়িয়ে দিই খাঁটি তাওহীদের নির্মল আলোকচ্ছটা। দা‘ওয়াতের সমীরণে সুরভিত হোক এ মহাসম্মেলন।



weeklyarafat


আপনার মন্তব্য1

ঢাকায় সূর্যোদয় : 6:38:16 সূর্যাস্ত : 5:47:13

সাপ্তাহিক আরাফাতকে অনুসরণ করুন

@সাপ্তাহিক আরাফাত